পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনে প্যারিসে সহিংসতা, আটক ৪১৬

psg-fans-celebration-paris-violence

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের আনন্দে ফ্রান্সের রাজধানী প্যারিসে উল্লাসে মেতে ওঠেন প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) সমর্থকরা। তবে সেই উদযাপনের এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়লে দেশজুড়ে অন্তত ৪১৬ জনকে আটক করেছে পুলিশ।

হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে পিএসজি। ম্যাচ শেষে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে সমর্থকরা রাস্তায় নেমে উদযাপন শুরু করেন।

আর্ক দে ত্রিওঁফের আশপাশে শত শত সমর্থক আতশবাজি ফোটান এবং গাড়ির হর্ন বাজিয়ে বিজয় মিছিল করেন। রাজধানীর শঁজেলিজে এলাকায় প্রায় ২০ হাজার মানুষের সমাগম হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্যারিস পুলিশ জানিয়েছে, উদযাপনের আড়ালে কয়েকটি ছোট গোষ্ঠী বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করে। কিছু এলাকায় দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ সময় দায়িত্ব পালনকালে একজন পুলিশ কর্মকর্তা আহত হন।

পুলিশের তথ্য অনুযায়ী, প্যারিসের অষ্টম অ্যারনডিসেমেন্ট এলাকায় একটি দল স্থানীয় পুলিশ স্টেশনে হামলার চেষ্টা চালায়। তবে দ্রুত অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনায় দেশব্যাপী ৪১৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্যারিস থেকেই আটক করা হয়েছে ২৮০ জনকে। তবে আটক ব্যক্তিদের মধ্যে কতজনকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রাজধানী ঘিরে থাকা প্রধান রিং রোড কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে একদল সমর্থক। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি বেকারি ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া প্রায় এক হাজার সমর্থক পিএসজির স্টেডিয়ামের আশপাশে জড়ো হয়ে সাইকেল দিয়ে অস্থায়ী ব্যারিকেড তৈরি করলে পুলিশ তা অপসারণ করে।

উল্লেখ্য, গত বছর পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরও ফ্রান্সজুড়ে ব্যাপক উদযাপনের মধ্যে ৫০০ জনের বেশি মানুষকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এবারও সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানী প্যারিসে প্রায় ৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

সূত্র: এফএইচএম