তাপমাত্রা আরও বাড়ার আভাস, ৫ বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

Weather Forecast

দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ পাঁচ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার (৩১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে গরমের অস্বস্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সোমবার ও মঙ্গলবার (১ ও ২ জুন) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (৩ জুন) থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ওই দিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বৃষ্টিপাতের বিস্তৃতি আরও বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।