বাংলাদেশিদের জন্য ফিলিপাইনের ই-ভিসা চালু, বন্ধ হচ্ছে স্টিকার ভিসা

philippines-evisa-bangladesh

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে ফিলিপাইন। ঢাকায় অবস্থিত ফিলিপাইন দূতাবাস জানিয়েছে, পর্যটন উদ্দেশ্যে ভ্রমণকারীদের জন্য প্রচলিত স্টিকার ভিসা ইস্যু বন্ধ করা হচ্ছে। এখন থেকে ভিসার আবেদন সম্পূর্ণ অনলাইনে ই-ভিসা পদ্ধতির মাধ্যমে করতে হবে।

দূতাবাসের ঘোষণা অনুযায়ী, ফিলিপাইনে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকরা এখন থেকে ফিলিপাইন ই-ভিসা পোর্টাল এর মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।

ই-ভিসা ফি কত?

ফিলিপাইন দূতাবাস নির্ধারিত নতুন ফি অনুযায়ী—

  • সিঙ্গেল এন্ট্রি ই-ভিসা: ৮,৫৮০ টাকা
  • ৬ মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি ই-ভিসা: ১৩,৮৬০ টাকা
  • ১ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ই-ভিসা: ১৯,১৪০ টাকা

বর্তমান নির্দেশনা অনুযায়ী, ই-ভিসার ফি সরাসরি দূতাবাসে জমা দিতে হবে।

দূতাবাস জানিয়েছে, আবেদন অনুমোদিত হলে ই-ভিসা অনলাইনে ইস্যু করা হবে। এরপর আবেদনকারীরা কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ডিভাইসের মাধ্যমে তা ডাউনলোড করতে পারবেন।

ভ্রমণের সময় ই-ভিসার ডিজিটাল কপি অথবা প্রিন্ট করা কপি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রদর্শন করা যাবে।

ফিলিপাইনে প্রবেশের আগে যাত্রীদের যাত্রার কমপক্ষে ৭২ ঘণ্টা পূর্বে ফিলিপাইন ই-ট্রাভেল রেজিস্ট্রেশন সিস্টেম-এ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

দূতাবাস সতর্ক করে জানিয়েছে, এই নিবন্ধন সম্পন্ন না করলে বিমানবন্দর বা প্রবেশপথে জটিলতার মুখোমুখি হতে হতে পারে।

ফিলিপাইন দূতাবাস স্পষ্ট করেছে যে, ই-ভিসা শুধুমাত্র পর্যটন ও অস্থায়ী ভ্রমণের জন্য প্রযোজ্য। এই ভিসা অন্য কোনো ধরনের ভিসায় রূপান্তর করা যাবে না এবং অনুমোদিত অবস্থানকালও বাড়ানো যাবে না।

যেসব বাংলাদেশি নাগরিক পড়াশোনা, চাকরি, ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্যে ফিলিপাইন যেতে চান, তাদের আগের নিয়ম অনুযায়ী দূতাবাসে আবেদন করে নিয়মিত ভিসা স্টিকার সংগ্রহ করতে হবে।

নতুন এই ই-ভিসা ব্যবস্থা চালুর ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য আবেদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।