আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের

bangladeshi-workers-abroad

আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দক্ষ ও পেশাদার জনশক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের অংশ হিসেবে এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান প্রতিমন্ত্রী নূরুল হক নূর। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, যেসব দেশে বর্তমানে বাংলাদেশি কর্মী নিয়োগ সীমিত বা বন্ধ রয়েছে, সেসব শ্রমবাজার পুনরায় উন্মুক্ত ও সম্প্রসারণে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে।

সরকার আশা করছে, নতুন শ্রমবাজার সৃষ্টি এবং বিদ্যমান বাজারে কর্মী পাঠানোর সুযোগ বাড়ানোর মাধ্যমে আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য অর্জন সম্ভব হবে।