বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। আসন্ন বিশ্বকাপ ফুটবলের সব গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ১১ জুন পর্দা উঠছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। শুরুতে বাংলাদেশে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান Springbok Pte Ltd। বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলোর কাছে স্বত্ব বিক্রির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি সম্পন্ন হয়নি।
ফলে প্রতিষ্ঠানটি সম্প্রচারস্বত্ব ছেড়ে দিলে বিষয়টি নিয়ে সরাসরি FIFA-র সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ সরকার। কয়েক দফা আলোচনার পর সরকার নিজ উদ্যোগে বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে জানা গেছে, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে এবারের বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব সরাসরি কিনছে সরকার। কোনো দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য এ স্বত্ব কেনা হচ্ছে।
এ জন্য সরকারের মোট ব্যয় হচ্ছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। তবে আগের বিশ্বকাপের তুলনায় এবার খরচ কমেছে প্রায় ২৫ কোটি টাকা, যা সরকারের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রচারস্বত্ব কেনার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে দেশের দর্শকরা বিনামূল্যে বিটিভির মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। এতে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী বিশেষভাবে উপকৃত হবেন, বিশেষ করে যারা কেবল ফ্রি-টু-এয়ার টেলিভিশনের ওপর নির্ভরশীল।
সরকার ও বিটিভি ইতোমধ্যে বিশ্বকাপ সম্প্রচারের কারিগরি প্রস্তুতি শুরু করেছে। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সব ম্যাচ সরাসরি সম্প্রচারের পরিকল্পনা রয়েছে।
