মেট্রোপলিটন পুলিশের জন্য থাকছে আলাদা রং; নারী সদস্যদের পোশাকেও এলো পরিবর্তন
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে নতুন পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) এবং প্যান্ট হবে খাকি রঙের। অন্যদিকে, মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য শার্ট ও জ্যাকেটের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)।
বৃহস্পতিবার (১৮ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর সংশোধনী জারি করেন।
নতুন বিধিমালা অনুযায়ী, আগে ব্যবহৃত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু শার্ট এবং কফি (শেইল) রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু নির্ধারণ করা হয়েছে।
তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে শার্ট ও জ্যাকেট হবে লাইট অলিভ রঙের। অন্যান্য পোশাকের ক্ষেত্রে প্রযোজ্য বিধান অপরিবর্তিত থাকবে।
নারী পুলিশ সদস্যদের ইউনিফর্মেও আনা হয়েছে পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, তারা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। আর মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের জন্য ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্য অথবা যারা ধর্মীয় বা ব্যক্তিগত কারণে মাথা ঢাকতে চান, তারা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সরকারের সংশোধিত এই ড্রেস রুলস গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হয়েছে।
