পর্তুগালে অভিবাসীদের জন্য বড় স্বস্তি: AIMA-তেই মিলবে NISS, কমবে দৌড়ঝাঁপ

AIMA change Portugal Residence

পর্তুগালে বসবাস বৈধকরণের (রেগুলারাইজেশন) প্রক্রিয়া শুরু করতে যাওয়া অভিবাসীদের জন্য বড় ধরনের প্রশাসনিক সুবিধা চালু হচ্ছে। চলতি জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে AIMA -এ আবেদন করতে গেলেই স্বয়ংক্রিয়ভাবে NISS দেওয়া হবে।

নতুন এই ব্যবস্থার ফলে অভিবাসীদের আর আলাদাভাবে সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে NISS সংগ্রহ করতে হবে না। এটি পর্তুগালের সামাজিক নিরাপত্তা বিভাগের ২০২৫ সাল থেকে চলমান ডিজিটাল রূপান্তর কর্মসূচির অংশ।

AIMA থেকেই তাৎক্ষণিক NISS

নতুন ব্যবস্থায় AIMA ও সোশ্যাল সিকিউরিটি বিভাগের মধ্যে সরাসরি ডিজিটাল সংযোগ স্থাপন করা হয়েছে। আবেদনকারীর পরিচয়সংক্রান্ত তথ্য AIMA থেকে অনলাইনে পাঠানো হলে তাৎক্ষণিকভাবে সোশ্যাল সিকিউরিটি বিভাগ NISS তৈরি করে দেবে।

এর ফলে একই জায়গায় অভিবাসন প্রক্রিয়া ও সামাজিক নিরাপত্তা নম্বরের কাজ সম্পন্ন হওয়ায় সময়, খরচ এবং প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে কমবে।

সোশ্যাল সিকিউরিটির আইটি ইনস্টিটিউটের সভাপতি লুইস ফারাজোটা জানান, আগে অভিবাসীদের AIMA-তে আবেদন করার পর NISS এবং Tax Identification Number (NIF) সংগ্রহের জন্য পৃথক সরকারি দপ্তরে যেতে হতো। নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এই অতিরিক্ত ধাপের প্রয়োজন থাকবে না।

সরকারি তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ শুধুমাত্র NISS নেওয়ার জন্য সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়েছিলেন। অনেক ক্ষেত্রে আবেদন করার পর আবার নির্ধারিত সময়ে গিয়ে নম্বর সংগ্রহ করতে হয়েছে, যা সেবা কেন্দ্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিল।

নতুন ব্যবস্থা চালু হলে এই চাপ অনেকটাই কমবে এবং অভিবাসীরাও দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা পাবেন।

পর্তুগাল সরকার বলছে, AIMA ও সোশ্যাল সিকিউরিটির এই সমন্বিত ডিজিটাল ব্যবস্থা অভিবাসীদের প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ করবে, অপ্রয়োজনীয় কাগজপত্র ও দৌড়ঝাঁপ কমাবে এবং সরকারি সেবাকে আরও কার্যকর ও দ্রুতগতির করে তুলবে।