পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম, উত্তর কোরিয়ার সঙ্গে একই সারিতে

Bangladesh passport

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। নতুন প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এ বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners তাদের সর্বশেষ Henley Passport Index প্রকাশ করে। সূচকটি বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে পূর্বানুমতি ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতে প্রস্তুত করা হয়।

সূচক অনুযায়ী, সিঙ্গাপুর আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা ধরে রেখেছে। অন্যদিকে তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।

বাংলাদেশের নিচে অবস্থান করছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে নিচের দিকে রয়েছে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের এই সূচক আন্তর্জাতিক ভ্রমণ সক্ষমতা মূল্যায়নের অন্যতম গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। ব্যবসা, শিক্ষা, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে একটি দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা ও শক্তিমত্তা এই সূচকের মাধ্যমে প্রতিফলিত হয়।

বিশ্লেষকদের মতে, কোনো দেশের পাসপোর্টের অবস্থান উন্নত করতে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার, নতুন ভিসা-মুক্ত চুক্তি এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।