সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও সুশৃঙ্খল করতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আবারও চালু করা হয়েছে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম। নতুন এই ব্যবস্থার মাধ্যমে এখন থেকে সেবাগ্রহীতারা প্রয়োজনীয় সেবার ধরন অনুযায়ী টোকেন সংগ্রহ করে নির্ধারিত কাউন্টার থেকে দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন।
গত ২২ জুলাই ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেল বলেন, নতুন করে চালু হওয়া সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পাসপোর্টসহ সব ধরনের কনস্যুলার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে প্রদান করা সম্ভব হবে। এতে প্রবাসীদের দীর্ঘক্ষণ অপেক্ষা ও সেবা গ্রহণে জটিলতা অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কনস্যুলেটে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে থাকে। তাই কনস্যুলেটেও এমন ডিজিটাল কিউ ব্যবস্থার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। নতুন ব্যবস্থা চালুর ফলে সেবা গ্রহণের সময় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে তারা মনে করছেন।
উল্লেখ্য, দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে প্রথমবারের মতো ২০১৬ সালে কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছিল। তবে প্রায় দুই বছর পর সেটি বন্ধ হয়ে গেলে আবারও প্রচলিত সনাতন পদ্ধতিতে সেবা দেওয়া শুরু হয়। এর ফলে দীর্ঘ লাইন, বিলম্ব এবং নানা ধরনের ভোগান্তির অভিযোগ বাড়তে থাকে।
কনস্যুলেট কর্তৃপক্ষের আশা, নতুন করে চালু হওয়া এই সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা আরও কার্যকর, আধুনিক এবং জনবান্ধব হবে।
