পর্তুগালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী আবাসনের সনদ ও কার্ডের আবেদন প্রক্রিয়া সহজ করেছে দেশটির অভিবাসন সংস্থা আইমা। হালনাগাদ ব্যবস্থায় এসব আবেদন জমা দেওয়ার সময় কর শনাক্তকরণ নম্বর (NIF) ও সামাজিক নিরাপত্তা নম্বর (NISS) উল্লেখ করতে হচ্ছে না। আইমার ‘পোর্টাল দে রেনোভাসোয়েস’ বা নবায়ন পোর্টালে স্থায়ী আবাসনের সনদ ও কার্ডের আবেদন করা যাচ্ছে।
আইমা জানিয়েছে, আবেদন শুরু করলে তথ্য যাচাই চলছে—এমন একটি বার্তা সাময়িকভাবে দেখা যেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বয়ংক্রিয় এই যাচাইয়ে প্রায় ৩০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এরপর আবার পোর্টালে প্রবেশ করে আবেদন ও প্রযোজ্য ফি পরিশোধের প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে।
নির্ধারিত সময়ের পরও যাচাইয়ের বার্তা দেখা গেলে কিংবা আবেদন জমা দিতে অন্য কোনো সমস্যা হলে আইমার যোগাযোগ ফরমে জানাতে বলা হয়েছে। সেখানে বিষয় হিসেবে ‘Portal de Renovações’ এবং উপবিষয় হিসেবে ‘Portal de Renovações – comunicar problema’ নির্বাচন করতে হবে।
এর আগে ১ জুলাই থেকে ইইউ নাগরিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী আবাসনের সনদ ও কার্ডের আবেদন গ্রহণের সুবিধা পোর্টালে চালু করে আইমা। আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যায়।
আবেদন পর্যালোচনার পর সরাসরি উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য দেওয়ার প্রয়োজন হলে আইমা নিজেই সাক্ষাতের সময় নির্ধারণ করবে। আবেদনকারীকে তারিখ, সময় ও সেবাকেন্দ্রের ঠিকানা জানিয়ে দেওয়া হবে।
আগে নির্ধারিত সাক্ষাতের সময় বহাল রয়েছে। একইভাবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত যোগাযোগ ফরমের মাধ্যমে জমা দেওয়া আবেদনও কার্যকর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
আবেদন করা যাবে আইমার নবায়ন পোর্টালে। বিস্তারিত নির্দেশনা রয়েছে আইমার হালনাগাদ বিজ্ঞপ্তিতে।
