প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। তবে মাদ্রিদের কঠিন পরীক্ষায় ধৈর্য হারায়নি বায়ার্ন মিউনিখ। বিরতির পর লেনার্ট কার্ল ও কনরাড লাইমারের গোলে আতলেতিকো মাদ্রিদকে ২–০ ব্যবধানে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে চার ম্যাচ শেষে অপরাজিত বায়ার্নের পয়েন্ট এখন ৮।
স্পেনের স্থানীয় সময় মঙ্গলবার রাতে মেত্রোপলিতানোতে ৫৪ মিনিটে অচলাবস্থা ভাঙেন কার্ল। ৭৪ মিনিটে হ্যারি কেইনের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাইমার। গোল করার পাশাপাশি পুরো ম্যাচের পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন অস্ট্রিয়ান এই ফুটবলার।
সুযোগ এলেও গোলহীন প্রথমার্ধ
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বায়ার্ন। তবে প্রথম সুযোগটি পেয়েছিল আতলেতিকো। হুলিয়ান আলভারেসের বাঁকানো শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর কার্ল ও কেইনও সুযোগ কাজে লাগাতে পারেননি।
স্বাগতিকদের হয়ে আলেকসান্দার সরলথও একটি ক্রসে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি। অন্যদিকে কেইনের শট রক্ষণে আটকে যায়, অল্পের জন্য বাইরে যায় ইয়োসিপ স্তানিসিচের প্রচেষ্টা। সুযোগ তৈরি করেও গোল না পাওয়ায় সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
রক্ষণের ভুলে কার্লের গোল
দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় বায়ার্ন। ইয়োশুয়া কিমিখের শট ঠেকান ইয়ান ওবলাক। শেষ পর্যন্ত ৫৪ মিনিটে আতলেতিকোর রক্ষণের ভুলের সুযোগ নেন কার্ল। বক্সের মধ্যে রবিন ল্য নরমঁ বল বিপদমুক্ত করতে দেরি করলে তা কেড়ে নিয়ে ওবলাককে পরাস্ত করেন তরুণ জার্মান ফুটবলার।
পিছিয়ে পড়ে একসঙ্গে তিনটি বদলি করেন দিয়েগো সিমিওনে। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ফেরাতে পারেনি তাঁর দল। উল্টো দায়ো উপামেকানোর একটি শট ক্রসবারে লেগে ফেরে।
৭৪ মিনিটে বায়ার্নের দ্বিতীয় গোলটি আসে কেইন–লাইমারের সমন্বয়ে। বক্সের ডান দিকে লাইমারকে বল দেন কেইন। জোরালো শটে ওবলাককে পরাস্ত করে জয়ের পথ আরও পরিষ্কার করেন লাইমার।
ম্যাচ শেষে দলীয় পারফরম্যান্সের প্রশংসা করেছেন বায়ার্ন অধিনায়ক মানুয়েল নয়্যার। তাঁর মতে, আতলেতিকো যেভাবেই চ্যালেঞ্জ জানিয়েছে, বায়ার্ন তার উত্তর দিতে পেরেছে।
হার মেনে সরলথও স্বীকার করেছেন, বিরতির পর শক্তির ঘাটতি ছিল আতলেতিকোর। প্রথমার্ধে পাল্টা আক্রমণের সুযোগ পেলেও শেষ পাসটি ঠিকমতো দিতে পারেননি তাঁরা। দ্বিতীয়ার্ধে সেই সুযোগটাই নিয়েছে বায়ার্ন।
অন্য ম্যাচের সময় ও সম্প্রচার জানতে দেখুন টিভিতে আজকের খেলা।
