ব্রাজিলের টানা দ্বিতীয় জয়, মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ

brazil-vs-egypt-friendly-match

বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের ছন্দ ধরে রেখেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় জয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী অবস্থানেই রয়েছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকে। প্রথম ১১ মিনিটেই তিনটি গোলের সুযোগ তৈরি হয় এবং আসে দুটি গোল। ম্যাচের ৬ মিনিটে মিসরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গিমারায়েস গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক মিনিট পরই ব্রাজিলের অধিনায়ক মার্কিনহোসের ভুল ব্যাক-পাসের সুযোগ নিয়ে গোল করেন মিসরের মোস্তফা জিকো। এতে ম্যাচে সমতা ফেরে।

বিরতির পর মাঠে নেমেই আবারও লিড নেয় ব্রাজিল। ৫১ মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন তরুণ তারকা এন্দ্রিক। তার গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় কার্লো আনচেলত্তির দলের।

ম্যাচের শেষদিকে মিসর একাধিক আক্রমণ চালালেও ব্রাজিলের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। অন্যদিকে মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে বড় ব্যবধানে হার থেকে রক্ষা করেন। তিনি ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লিসহ ব্রাজিলের ফরোয়ার্ডদের কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন।

আরো পড়ুন: দেখে নিন ব্রাজিলের বিশ্বকাপ দলের জার্সি নম্বর

এর আগে পানামার বিপক্ষে ৬-২ গোলের বড় জয় পেয়েছিল ব্রাজিল। মিসরের বিপক্ষে জয়ের ফলে দুটি প্রস্তুতি ম্যাচে ৮ গোল করে শতভাগ সাফল্য নিয়ে বিশ্বকাপ মিশনে যাচ্ছে সেলেসাওরা।

অন্যদিকে পরাজিত হলেও শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে ইতিবাচক দিক নিয়েই মাঠ ছেড়েছে মিসর। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির মান যাচাইয়ের সুযোগ পেয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।