কনটেন্ট ক্রিয়েটরদের আয় থেকে ৭.৫% কর কাটার অভিযোগ

Sarjis-Alam

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা থাকা সত্ত্বেও দেশের কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭ দশমিক ৫ শতাংশ হারে কর কেটে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

সারজিস আলম বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী একজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন যে, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর আরোপিত ৭.৫ শতাংশ কর কাটা হবে না। কিন্তু বাস্তবে অনেকের অ্যাকাউন্ট থেকে ওই কর কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে না, নাকি এখনো সিদ্ধান্তটি কার্যকর হয়নি? এ বিষয়ে দ্রুত স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম আরও বলেন, “তাহলে কি প্রধানমন্ত্রীর নির্দেশ মানা হচ্ছে না? নাকি এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি? নাকি কার্যকর হবে না? এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো প্রয়োজন। না হলে একটা দেশের প্রধানমন্ত্রীর কথার মূল্য থাকে না।”

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের একটি বড় অংশ সীমিত আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন উল্লেখ করে তিনি বলেন, তাদের ওপর এ ধরনের করের বোঝা চাপানো সমর্থনযোগ্য নয়।

তার মতে, নির্দিষ্ট আয়ের সীমার নিচে থাকা ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের করমুক্ত রাখা যেতে পারে। তবে যাদের আয় তুলনামূলক বেশি, তাদের জন্য ধাপে ধাপে কর নির্ধারণের ব্যবস্থা করা যেতে পারে।

সারজিস আলম বলেন, “যে মানুষটা ন্যূনতম উপার্জনের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছেন, তার জন্য এই কর অতিরিক্ত চাপ হয়ে দাঁড়াবে।”

এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।