সিউটায় সাম্প্রতিক অভিবাসন সংকটের পর সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করতে এবং অবৈধ অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা জোরদার করতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো। সংকটের প্রভাব নিয়ে অনুষ্ঠিত ইইউ কাউন্সিলের জরুরি বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠকে অংশ নেওয়া সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা অভিন্ন মত প্রকাশ করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের বহির্সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করা, অবৈধ অভিবাসনকে সহায়তা করা চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো এবং যেসব অভিবাসীর ইউরোপে থাকার আইনগত অধিকার নেই তাদের দ্রুত নিজ দেশে ফেরানোর ব্যবস্থা আরও কার্যকর করতে হবে।
যৌথ বিবৃতিতে বলা হয়, অবৈধ অভিবাসন প্রতিরোধে তৃতীয় দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করা, সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি বাড়ানো এখন সময়ের দাবি।
বৈঠকের পর পর্তুগালের অভ্যন্তরীণ প্রশাসন মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানায়, সিউটায় ঘটে যাওয়া ঘটনায় স্পেনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে পর্তুগাল। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে এটিকে মানবিক ও নিরাপত্তা—উভয় দৃষ্টিকোণ থেকেই অত্যন্ত গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।
পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী লুইস নেভেস স্পেনের সীমান্ত ব্যবস্থাপনা, মরক্কোর সঙ্গে সহযোগিতা এবং অধিকাংশ অভিবাসীর স্বেচ্ছায় ফিরে যাওয়ার উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি যেসব অভিবাসী ইউরোপীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে বসবাসের শর্ত পূরণ করেন না, তাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানান।
লুইস নেভেস বলেন, সিউটার বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে শেনজেন অঞ্চলের অখণ্ডতা হুমকির মুখে পড়েনি। তবে তিনি সতর্ক করে বলেন, কোনো সদস্য রাষ্ট্রের একতরফা অভিবাসন নীতি অন্য দেশগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে এবং তা নতুন অভিবাসীদের মধ্যে ভুল প্রত্যাশা তৈরি করতে পারে।
তার মতে, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত নীতি গ্রহণ এবং ইউরোপীয় সংহতির পাশাপাশি জাতীয় দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি।
পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিউটার বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে যে ইইউর আশ্রয় ও অভিবাসন চুক্তি (Pact on Asylum and Migration) এবং ইউরোপীয় রিটার্ন রেগুলেশন দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
তিনি জানান, পর্তুগাল ইতোমধ্যে দেশের দক্ষিণ সামুদ্রিক সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং প্রয়োজনে আরও অতিরিক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সিউটায় অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়েও স্পেন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে পর্তুগাল।
সূত্র: SIC Notícias
