কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

Bangladesh Deputy High Commission in India

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে সেখানে অবস্থানরত ও কলকাতা ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা ও আবাসনসংক্রান্ত নির্দেশনা জারি করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপ-হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলকাতা ভ্রমণের আগে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উপ-হাইকমিশন জানিয়েছে, গত ১৯ আগস্ট কলকাতায় একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলকাতার স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ ও অনিরাপদ আবাসিক হোটেল এবং রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব বন্ধ থাকা হোটেল পুনরায় চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এমন পরিস্থিতিতে আগেভাগে আবাসনের ব্যবস্থা না করে কলকাতায় পৌঁছালে বাংলাদেশি নাগরিকদের তীব্র আবাসন সংকটে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে উপ-হাইকমিশন।

চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের বিশেষ সতর্কতা

বাংলাদেশ থেকে চিকিৎসা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে কলকাতা ভ্রমণের আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং শতভাগ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে যাত্রা শুরুর আগে হোটেলটি বর্তমানে চালু আছে কি না, সেখানে কক্ষের প্রাপ্যতা রয়েছে কি না এবং হোটেলটির সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়া রোগীদের সঙ্গে থাকা স্বজনদের কলকাতায় পৌঁছানোর আগেই আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া হোটেল বুকিংয়ের বৈধতা, সংশ্লিষ্ট হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কেও আগেই খোঁজ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন।

উদ্ভূত পরিস্থিতিতে কলকাতায় যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের আগাম পরিকল্পনা ও সতর্কতার সঙ্গে আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে উপ-হাইকমিশন।