লালমনিরহাটে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর, কৃষক দল নেতা গ্রেপ্তার

lalmonirhat-farmer-party-leader-arrested

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে কৃষক দলের নেতা শাহ আলমকে দল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহ আলম উপজেলার দুহুলী এলাকার রমজান আলীর ছেলে। তিনি কৃষক দলের চলবলা ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।

বুধবার সকালে কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাহ আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

লালমনিরহাট জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় নীতি-আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে।

ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধ

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের বিরোধ হয়।

একপর্যায়ে শাহ আলম ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন লাঠিসোঁটা নিয়ে মান্নানের বাড়িতে যান এবং সেখানে ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় বাধা দিতে গেলে মান্নানের স্ত্রী রোজিনা বেগমকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।