স্বল্প খরচে বিদেশে চাকরির সুযোগ পাবে দেশের তরুণরা : প্রধানমন্ত্রী

Tarek rahman Prime Minister of Bangladesh

অর্থনীতি ও কর্মসংস্থান ইস্যুতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, স্বল্প খরচে দেশের তরুণদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। “ইনশাআল্লাহ, শিগগিরই এ বিষয়ে সুখবর পাওয়া যাবে,” বলেন তিনি।

তিনি আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জনপ্রিয় ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে কৃষকের ফসল সুরক্ষা এবং খরা মৌসুমে পানির সংকট কমানো সম্ভব হয়।

এদিকে বগুড়ার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল। এছাড়া স্থানীয় কৃষিপণ্য বিদেশে রপ্তানি সহজ করতে বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান চলাচলের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

নবঘোষিত সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে সকালে ঢাকা থেকে সড়কপথে বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি জেলা জজ আদালতের নবনির্মিত ভবন ও ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন, গাবতলীর বাগবাড়ীতে পৈত্রিক ভিটা পরিদর্শন এবং শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় টিকাদান কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন।

সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।