ফ্রান্স সফরে রাজশাহী সিটি প্রশাসকের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী

Bangladesh Prime Minister Tarique Rahman

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স সফরের আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান। তবে তার এ প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সফরের জন্য রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের আবেদন অনুমোদন করা হয়েছে।

সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো একটি সার-সংক্ষেপে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের জন্য দুই কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল।

প্রস্তাবের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নন বিধায় তার যাওয়ার কোনো গুরুত্ব নেই। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।”

একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রকল্পে দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে বুয়েটের কারিগরি সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট খাতের প্রকৃত বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার নীতিতে অটল। যাদের কাজের সঙ্গে সরাসরি প্রাতিষ্ঠানিক বা পেশাগত সম্পর্ক নেই, তাদের বিদেশ সফরে পাঠিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন।

সূত্রগুলোর মতে, রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় এবং দক্ষতার ভিত্তিতে দায়িত্ব বণ্টনের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাব একইভাবে বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী।