পর্তুগালের পোর্তোয় আবাসনসংকটের প্রতিবাদে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশের অভিযানে ৩৭ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তাঁদের ভাষ্য, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তবে দেশটির অভ্যন্তরীণ প্রশাসনমন্ত্রী লুইস নেভেস পুলিশের পদক্ষেপকে আইনসম্মত ও বৈধ বলে সমর্থন করেছেন।
বৃহস্পতিবার ভোররাত ৩টার কিছু আগে পোর্তোর প্রাসা দম জোয়াও প্রিমেইরো চত্বরে এ ঘটনা ঘটে। শনিবার থেকে সেখানে তাঁবু টানিয়ে অবস্থান করছিলেন আবাসন অধিকারকর্মীরা।
পর্তুগালের জননিরাপত্তা পুলিশ—পিএসপি জানিয়েছে, অভিযানে বিক্ষোভকারীদের পাশাপাশি একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। তবে আহতের মোট সংখ্যা নিশ্চিত করতে পারেনি বাহিনীটি।
পুলিশের পদক্ষেপের পক্ষে মন্ত্রী
বৃহস্পতিবার এ বিষয়ে কথা বলতে গিয়ে অভ্যন্তরীণ প্রশাসনমন্ত্রী লুইস নেভেস বলেন, বিক্ষোভ করার অধিকার দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার। সরকার এই অধিকারকে সম্মান করে। তবে আইনসম্মত নির্দেশও মানতে হবে।
তাঁর বক্তব্য, আইনসম্মত ও বৈধ নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন এবং আনুপাতিকতার নীতি অনুসরণ করতে হয়। পোর্তোয় পুলিশ সেই নীতি মেনেই কাজ করেছে বলে দাবি করেন তিনি।
অভিযানে মানুষ আহত হওয়ায় দুঃখ প্রকাশ করেন নেভেস। তবে তাঁর অবস্থান, পিএসপির কার্যক্রম আইনের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং সে কারণে তা বৈধ।
আড়াই ঘণ্টা আলোচনার দাবি পুলিশের
পিএসপির নতুন জাতীয় পরিচালক পেদ্রো মৌরাও পুলিশের অভিযানকে পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ বলে দাবি করেছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের অনুমতি ছিল রাত সাড়ে ১২টা পর্যন্ত। এরপর ওই চত্বরে তাঁবু রাখার অনুমতি ছিল না। অভিযান শুরুর আগে পুলিশ প্রায় আড়াই ঘণ্টা ধরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং তাঁবু সরিয়ে নিতে অনুরোধ জানায়।
মৌরাও বলেন, নির্দেশ মানা না হওয়ায় পুলিশ হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়। একপর্যায়ে বেআইনি পরিস্থিতির অবসান ঘটাতে আরও কঠোরভাবে ব্যবস্থা নিতে হয় বলে জানান তিনি।
পুলিশের অভিযোগ, কিছু বিক্ষোভকারী প্রতিরোধ গড়ে তোলেন এবং সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করেন। ঘটনার আনুষ্ঠানিক প্রতিবেদন ও ভিডিও ফুটেজ সরকারি কৌঁসুলির দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে পিএসপি।
অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ আন্দোলনকারীদের
পুলিশের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আবাসন আন্দোলনের প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, অভিযানে চরম, মাত্রাতিরিক্ত ও অযৌক্তিক বলপ্রয়োগ করা হয়েছে।
আন্দোলনের প্রতিনিধি পেদ্রো মানুয়েল পর্তুগিজ সংবাদমাধ্যম আরটিপিকে বলেন, পুলিশের এমন হস্তক্ষেপের যৌক্তিকতা তৈরি করতে পারে—এমন কোনো শারীরিক বা মৌখিক উসকানি বিক্ষোভকারীদের পক্ষ থেকে দেওয়া হয়নি।
আন্দোলনকারীদের দাবি, অভিযানে ৩৭ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজন গুরুতর আহত। এই সংখ্যা পুলিশ নিশ্চিত করেনি।
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
বাসাভাড়া ও আবাসন ব্যয় বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যে বাসস্থানের দাবিতে কয়েক দিন ধরে পোর্তোয় বিক্ষোভ চলছিল। পৌর কর্তৃপক্ষ এর আগে তাঁবু সরানোর চেষ্টা করলেও শনিবার থেকে প্রাসা দম জোয়াও প্রিমেইরো চত্বরে অবস্থান ধরে রেখেছিলেন আন্দোলনকারীরা।
পুলিশি অভিযানের পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। পেদ্রো মানুয়েল বলেন, তাঁরা আবার ফিরে আসবেন এবং অবস্থান করবেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একই চত্বরে নতুন জমায়েতের ডাক দেওয়া হয়।
