প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তিতে নতুন ‘সেল’ গঠন করল সরকার

probashi employment ministry gov

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য নতুন একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, এই সেল অবিলম্বে কার্যকর হবে এবং প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধানের জন্য কাজ করবে।

আদেশ অনুযায়ী, এই সেলে মোট পাঁচজন সদস্য থাকবেন। মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

সেলের অন্যান্য সদস্যরা হলেন—

  • কল্যাণ অধি শাখার যুগ্ম সচিব
  • আইন শাখার উপসচিব
  • সেবা ও প্রটোকল শাখার উপসচিব
  • এনফোর্সমেন্ট-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব (সদস্যসচিব)

প্রয়োজনে এই সেল অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো প্রবাসী শ্রমিকদের বিভিন্ন অভিযোগ—যেমন কর্মস্থলে হয়রানি, চুক্তি লঙ্ঘন, বেতন না পাওয়া ও অন্যান্য প্রশাসনিক জটিলতা—দ্রুত সমাধান করা।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অভিযোগ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই ধরনের বিশেষ সেল কার্যকর ভূমিকা রাখতে পারে।