দিল্লিতে আট ঘণ্টার অবস্থানের পর রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

rahul priyanka gandhi detained

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আট ঘণ্টার বেশি অবস্থান কর্মসূচির পর লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আকাশবাণী ভবন প্রাঙ্গণ থেকে তাঁদের সরিয়ে নেওয়া হয়। নির্বাচন কমিশন অভিমুখে মিছিলে বাধা পাওয়ার পর সেখানে অবস্থান নিয়েছিলেন তাঁরা।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে কে সি বেণুগোপাল, পবন খেরা, কে সুরেশ, অমরিন্দর সিং রাজা ওয়ারিং এবং ইমরান প্রতাপগড়িসহ কংগ্রেসের অন্য নেতাদেরও সরিয়ে নেয় পুলিশ। এর মধ্য দিয়ে আকাশবাণী ভবনে তাঁদের দীর্ঘ অবস্থান কর্মসূচির অবসান ঘটে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রত্যাহারের দাবিতে এদিন নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করেন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। পথে পুলিশ তাঁদের আটকে দিলে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে রাহুল গান্ধীকে ব্যারিকেডের ওপর উঠে জাতীয় পতাকা নাড়তে দেখা যায়।

পরে পার্লামেন্ট স্ট্রিটের আকাশবাণী ভবন প্রাঙ্গণে ঢুকে অবস্থান নেন রাহুল ও অন্য নেতারা। সেখান থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দূরত্ব প্রায় ৩০০ মিটার। ভোটার তালিকা সংশোধন নিয়ে নিজেদের প্রশ্নের জবাব পেতে নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করার দাবি জানান তাঁরা।

অবস্থান চলাকালে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা সরবেন না। দলটির অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।

তবে বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন ও বিজেপি। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র পাল্টা অভিযোগ করেন, কংগ্রেসের নেতারা অরাজকতা তৈরি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করতে চাইছেন।

এর আগে দিনের বিক্ষোভে প্রিয়াঙ্কাকে সাময়িকভাবে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছিল বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানায়। রাতের আটকের ঘটনাটি ঘটে আকাশবাণী ভবনে দীর্ঘ অবস্থান কর্মসূচির পর।