আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা আগেভাগেই পরিবার-পরিজনের খরচ মেটাতে দেশে বেশি অর্থ পাঠাচ্ছেন।
Bangladesh Bank-এর তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা হিসেবে)।
সোমবার (২০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে মোট রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশু কেনা, পরিবারের বাড়তি ব্যয় এবং উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন। ফলে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব ফিরে এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে প্রবাসীরা ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। তার আগে ফেব্রুয়ারিতে এসেছিল ৩০২ কোটি মার্কিন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৮৩৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দিচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
