আগামীকাল শুরু এসএসসি পরীক্ষা: অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

ssc exam Date

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। ইতোমধ্যে সারাদেশে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে Education Board Bangladesh ও সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ।

এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জনে। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। এই বোর্ডে মোট পরীক্ষা কেন্দ্র ৭৪২টি।

তবে সার্বিকভাবে গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। সে হিসেবে এবার কমেছে ৭০ হাজার ৮৩৭ জন। ২০২৪ সালের তুলনায়ও ২০২৫ সালে পরীক্ষার্থী কমার প্রবণতা দেখা গিয়েছিল।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা বোর্ডে। এই বোর্ডে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। অন্যদিকে সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছে বরিশাল শিক্ষা বোর্ডে, যেখানে অংশ নিচ্ছে ৮১ হাজার ৮৩১ জন।

এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে- ১ লাখ ৭৭ হাজার ৭০৯, কুমিল্লা শিক্ষা বোর্ডে- ১ লাখ ৪৬ হাজার ৮১৭, যশোর শিক্ষা বোর্ড-এ ১ লাখ ৩৫ হাজার ৮৯, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ৩০ হাজার ৬৬৮, সিলেট শিক্ষা বোর্ডে ৮৯ হাজার ৪২১, দিনাজপুর শিক্ষা বোর্ড-এ ১ লাখ ৮১ হাজার ৮৫৪ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ লাখ ৮ হাজার ৩৫৯ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

সব মিলিয়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র রয়েছে ২ হাজার ৪৯০টি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১৮ হাজার ৪৭৯টি। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ৬৫৩টি কেন্দ্র এবং ৩ হাজার ৬২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এবার সারাদেশে মোট কেন্দ্র সংখ্যা ৩ হাজার ৮৮৫টি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৩০ হাজার ৬৬৬টি।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।