সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯

sylhet-osmaninagar-dhaka-sylhet-highway-bus-accident

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার দয়ামীর এলাকার কাশিকাপন অংশে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে পৌঁছায়।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত প্রিয়ম (২৫) ও জাইফা (৪)—এই দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ওয়াব (৪৫), মনসুর (৩৪), আতিকুল ইসলাম (৪৮), বাবুল (৪০), মফিজ মিয়া (৫৫), সাজিদ নুর (৪৫), নুরুন্নাহার (৪০), মুক্তার হোসেন (৬৫), জাহাঙ্গীর (২৮), আফজল (৩০), আফরোজা (৩৮), মন্টু (৩০) ও রাজু (৫৫) রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।