নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট মহানগরীতে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—ওই বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) এবং তাদের গৃহপরিচারিকা (২৫)।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে ট্রিপল হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি খান মো. মঈনুল জাকির জানান, মরদেহ উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাটির বিস্তারিত তদন্তের পরই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
