জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

tarek rahman july charter implementation speech

বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক জনসভায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যে জুলাই সনদে সই করেছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস আহ্বান জানানোর পর সর্বপ্রথম বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করে। “যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন আমরা বাস্তবায়ন করবো,”—যোগ করেন তিনি।

এসময় বর্তমান বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, অতীতে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর বিরোধী দল সরকারকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দেয়নি। বর্তমান বিরোধী দলও একই আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, “বিতাড়িত স্বৈরাচারের ভূত এখন বিরোধী দলের ওপর ভর করেছে।”