মেস্তাইয়ায় প্রথম গোলের সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়াই। কিন্তু স্বাগতিকদের এগিয়ে যেতে দেননি থিবো কোর্তোয়া। এরপর আট মিনিটের ব্যবধানে ফেদেরিকো ভালভার্দে ও আরদা গুলেরের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ব্যবধান আরও বাড়ান। লা লিগার দ্বাদশ রাউন্ডে ভ্যালেন্সিয়াকে ৩–০ গোলে হারিয়েছে রিয়াল।
শনিবার মেস্তাইয়ায় ম্যাচের ২০ মিনিটে রিয়ালের বক্সের বাইরে বল কেড়ে নিয়ে শট নেন ভ্যালেন্সিয়ার আউরন মায়োল। ঝাঁপিয়ে সেই শট ঠেকান কোর্তোয়া। আট মিনিট পর এগিয়ে যায় রিয়াল। বক্সের ঠিক বাইরে এমবাপ্পেকে ফাউল করায় ফ্রি কিক পায় সফরকারীরা। ফ্রি কিকের শট আটকে গেলেও ফিরে আসা বল বক্সের বাইরে থেকে নিচু শটে জালে পাঠান ভালভার্দে।
৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গুলের। বক্সের মাঝামাঝি জায়গা থেকে ডান পায়ের শটে বল পাঠান জালের ওপরের ডান কোণে। বিরতির আগেই আরও একটি গোল পেতে পারতেন তুরস্কের এই মিডফিল্ডার। তবে এবার বক্সের বাইরে থেকে তাঁর শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলকিপার স্তোলে দিমিত্রিয়েভস্কি।
বিরতিতে জাস্টিন ডি হাসের বদলে লুইস রিওহাকে নামায় ভ্যালেন্সিয়া। তবে ব্যবধান কমাতে পারেনি স্বাগতিকেরা। ৭৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। শেষ দিকে ব্রাহিম দিয়াজের
পাস থেকে কাছের দূরত্বে শট নিয়েছিলেন এনদ্রিক। দিমিত্রিয়েভস্কি সেটি ঠেকানোয় স্কোরলাইন ৩–০-ই থাকে।
আরও পড়ুন: ভ্যালেন্সিয়া–রিয়াল মাদ্রিদ: স্কোর ও ম্যাচ আপডেট
