প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের একটি অংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ করা গেলে দেশে নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। একই সঙ্গে শক্তিশালী হতে পারে স্থানীয় অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি হতে পারে নতুন সুযোগ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে শনিবার (২২ আগস্ট) ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
আন্তর্জাতিক পারিবারিক রেমিট্যান্স দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর এফডিসিতে ছায়া সংসদের আয়োজন করা হয়। ডিবেট ফর ডেমোক্রেসি ও IOM বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করে। এতে সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
লরা টম বন্ডে বলেন, বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রম, ধৈর্য ও পরিবারের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন রয়েছে তাঁদের পাঠানো প্রতিটি রেমিট্যান্সে। এই অর্থের একটি অংশ এসএমই খাতে বিনিয়োগ করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, অভিবাসন নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল হলে এর সুফল শুধু একজন অভিবাসীর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর সুফল পরিবার, স্থানীয় জনগোষ্ঠী এবং দেশের সামগ্রিক উন্নয়নেও ছড়িয়ে পড়ে।
বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা উন্নত করা এবং অভিবাসীদের আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে IOM সরকারের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আনছে।
তাঁর মতে, রেমিট্যান্সের পুরো অর্থ শুধু ভোগের পেছনে ব্যয় না করে এর একটি অংশ উৎপাদনশীল খাতে বিনিয়োগে উৎসাহ দেওয়া প্রয়োজন।
বিশেষ করে এসএমই খাতে প্রবাসী আয় বিনিয়োগ করা গেলে প্রবাসী পরিবারগুলোর অর্থনৈতিক নিরাপত্তা আরও শক্তিশালী হতে পারে বলে তিনি মনে করেন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৯ দশমিক ১ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৮৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৪০৫ কোটি ১০ লাখ ডলার।
অনুষ্ঠানের ছায়া সংসদের বিতর্কের বিষয় ছিল, ‘প্রবাসী পরিবারের সুরক্ষায় রেমিট্যান্সের অর্থ এসএমই খাতে বিনিয়োগই সর্বোত্তম কৌশল’।
বিতর্কে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে। অনুষ্ঠানে IOM বাংলাদেশের হেড অব মাইগ্রেশন পলিসি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ড. ইশিতা শ্রুতি স্বাগত বক্তব্য দেন।
