এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার জাপানের নিশিনে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। একটি বলও মাঠে গড়ায়নি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে জায়গা পেয়েছে বাংলাদেশ।
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। একই কারণে নেপাল–শ্রীলঙ্কা কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়েছে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেছে। এর আগে বৃষ্টিতে ভেস্তে যাওয়া দুই কোয়ার্টার ফাইনাল থেকে ভারত ও পাকিস্তান শেষ চারে জায়গা নিশ্চিত করে।
বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচটি অনুষ্ঠিত হলে এবারের আসরে সেটিই হবে বাংলাদেশের প্রথম মাঠে নামা। আজকের অন্যান্য খেলার সময় ও সম্প্রচার জানতে দেখুন টিভিতে যত খেলা।
