ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার বাসায় অচেতন হয়ে পড়লে তাঁকে মণিপাল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, নানা পাটেকরের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়ার পরও সাড়া না পাওয়ায় স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।.
কার্ডিয়াক অ্যারেস্টের পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।
বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নানা পাটেকরের ছেলে মালহার। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানান, তখন তিনি পুনেতে ছিলেন এবং গোয়ার উদ্দেশে রওনা হচ্ছেন। পরে বিস্তারিত বিবৃতি দেওয়ার কথাও জানান তিনি।
মারাঠি থিয়েটার দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন নানা পাটেকর। পরে সমান্তরাল চলচ্চিত্র থেকে মূলধারার হিন্দি সিনেমায় নিজের জায়গা করে নেন। মীরা নায়ারের ‘সালাম বম্বে’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তীব্র অভিব্যক্তি ও স্বতন্ত্র সংলাপ বলার ভঙ্গি তাঁকে দর্শকের কাছে আলাদা পরিচিতি এনে দেয়।
মৃত্যুর চার দিন আগেও গোয়ায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই অভিনেতা। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৪ অক্টোবর দোনা পাওলায় সম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই সেই অনুষ্ঠানের ভিডিও প্রকাশ করেছিল।
