পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেই জ্ঞানেশ কুমারের সফর স্থগিত

Gyanesh kumar

দিল্লিতে পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভ চলছে। এর মধ্যেই ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুই দিনের ছত্তীসগঢ় সফর স্থগিতের খবর সামনে এসেছে। বুধবার ও বৃহস্পতিবার, ৭ ও ৮ অক্টোবর, কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে তাঁর রাজ্যটিতে যাওয়ার কথা ছিল।

সফর স্থগিতের কারণ হিসেবে ছত্তীসগঢ়ের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ‘অনিবার্য কারণে’ কর্মসূচি পিছিয়েছে। তবে সেই কারণের বিস্তারিত জানানো হয়নি। বিরোধীদের বিক্ষোভের কারণেই সফর স্থগিত হয়েছে—এমন কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি।

সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছিল রাজ্যে। জ্ঞানেশ কুমারকে ‘রাষ্ট্রীয় অতিথি’র মর্যাদা দেওয়া হয়। তাঁর জন্য প্রয়োজনীয় প্রটোকল ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে সফরটি হচ্ছে না।

সূচি অনুযায়ী, দান্তেওয়াড়ার দন্তেশ্বরী মাতা মন্দির, বস্তারের চিত্রকোট জলপ্রপাত এবং ভোরামদেও মন্দিরে যাওয়ার কথা ছিল মুখ্য নির্বাচন কমিশনারের। সংশোধিত সফরসূচি ভারতের নির্বাচন কমিশন থেকে পাওয়ার পর আলাদাভাবে জানানো হবে বলে জানিয়েছে রাজ্যের নির্বাচনী কর্মকর্তার কার্যালয়। এখনো নতুন তারিখ চূড়ান্ত হয়নি।

এমন সময়ে সফর স্থগিতের খবর এল, যখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করেছে বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করছে তারা।

মঙ্গলবার নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করতে গিয়ে বাধা পান বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। পরে দিল্লির আকাশবাণী ভবন প্রাঙ্গণে আট ঘণ্টার বেশি অবস্থান করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের নেতারা। রাতে পুলিশ তাঁদের আটক করে সরিয়ে নেয়।

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন ও বিজেপি। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র পাল্টা অভিযোগ করেছেন, কংগ্রেস অরাজকতা তৈরি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণের চেষ্টা করছে।