ইলহান ওমরের বাড়িতে তল্লাশি, রাজনৈতিক হয়রানির অভিযোগ

ilhan omar home search

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইলহান ওমরের ওয়াশিংটন এলাকার বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় অভিবাসন তদন্তকারীরা। সোমবার (১২ অক্টোবর) আদালতের অনুমোদিত পরোয়ানা নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের (এইচএসআই) সদস্যরা এ অভিযান চালান। বিচার বিভাগ জানিয়েছে, চলমান কেন্দ্রীয় ফৌজদারি তদন্তের অংশ হিসেবে তল্লাশি হয়েছে।

তল্লাশির পর ওমর অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করতে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে ব্যবহার করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন ট্রাম্প। এই অভিযানকে রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শনের নতুন ধাপ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমাকে চুপ করানো যাবে না।’

ওমরের যোগাযোগ পরিচালক জ্যাকলিন রজার্সও অভিযানের নিন্দা জানিয়েছেন। তাঁর দাবি, কংগ্রেসওম্যান কোনো অন্যায় করেননি। তল্লাশিকে ক্ষমতার অপব্যবহার বলে বর্ণনা করেছেন তিনি।

অন্যদিকে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওমরের বিরুদ্ধে বিচার বিভাগের তদন্তের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তবে একই সময়ে ওমরের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

তদন্তের বিষয় নিয়ে কী জানা যাচ্ছে

বিচার বিভাগ তদন্তের বিস্তারিত প্রকাশ করেনি। ফক্স নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওমর শিশু থাকাকালে তাঁর প্রয়াত বাবার জমা দেওয়া অভিবাসনসংক্রান্ত কাগজপত্রকে কেন্দ্র করে তদন্ত চলছে। তবে এ বিষয়ে কোনো অনিয়ম প্রমাণিত হওয়ার তথ্য প্রকাশ করা হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সংবাদকর্মীরা ওমরের বাড়িতে কয়েকজন তদন্তকারীকে দেখেছেন। তাঁদের কয়েকজনকে বাক্স নিয়ে একটি ভ্যানে তুলতে দেখা যায়। তল্লাশির সময় ওমর বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

নির্বাচনের আগে অভিযান নিয়ে প্রশ্ন

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। ভোটের মাত্র ২২ দিন আগে একজন নির্বাচিত কংগ্রেসওম্যানের বাড়িতে তল্লাশির ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট নেতারা।

প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন এক বিবৃতিতে এই অভিযানের অনুমোদন ও পরিচালনার বিষয়ে স্বচ্ছতা দাবি করেছেন। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে ট্রাম্পের সমালোচককে ভয় দেখাতে কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার করা হচ্ছে।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজও অভিযানের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, নির্বাচনের কয়েক সপ্তাহ আগে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করছেন ট্রাম্প। অঙ্গরাজ্যটির সিনেটর টিনা স্মিথ একে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা বলে অভিহিত করেছেন।

তবে রিপাবলিকান কংগ্রেসম্যান টম এমার বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। তদন্ত ও তল্লাশির বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন তিনি।

সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম সোমালি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। মিশিগানের রাশিদা তালিবের সঙ্গে তিনি কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারীর একজন। মিনিয়াপোলিস এলাকার একটি আসনের প্রতিনিধিত্ব করেন ওমর।