বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর: ফাইনালের টিকিটের লড়াইয়ে আজ বাংলাদেশের সামনে বাঁচা–মরার ম্যাচ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে তাওহীদ হৃদয়ের দল। বাংলাদেশ সময় ম্যাচ শুরুর নির্ধারিত সময় বিকেল ৫টা ৩০ মিনিট।
বাংলাদেশ জিতলে তিন দলের পয়েন্ট সমান হবে। তখন নেট রানরেটের হিসাবে নির্ধারিত হবে ফাইনালের দুই দল। অন্যদিকে আফগানিস্তান জিতলে নিশ্চিত হবে আফগানিস্তান–জিম্বাবুয়ে ফাইনাল।
সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়ে আফগানিস্তান। আগের ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে তারা। সেদিকুল্লাহ আতালের ১০২ রানের ইনিংস ও রশিদ খানের ১৭ রানে ৪ উইকেট সেই জয়ের ভিত গড়ে দেয়।
উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারে বাংলাদেশ। পয়েন্ট তালিকার তলানিতে থাকা হৃদয়ের দলের জন্য তাই জয়ের সঙ্গে নেট রানরেটেও বড় উন্নতি আনা জরুরি।
বাংলাদেশের একাদশ (Playing)
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আলিস আল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ (Playing)
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজনফর, বিলাল সামি ও ইয়ামিন আহমদজাই।
বাংলাদেশ বনাম আফগানিস্তান
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ · ২১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ
—
স্কোর আনা হচ্ছে…
আফগানিস্তান
—
স্কোর আনা হচ্ছে…
স্কোর ফিডের সঙ্গে সংযোগ করা হচ্ছে…
ডেটা: ESPN · পূর্ণ স্কোরকার্ড
সাইফ–ইমনের জুটিতে বিপর্যয় সামলানোর চেষ্টা বাংলাদেশের
মাত্র ২৮ রানে চার উইকেট হারানোর পর বাংলাদেশকে টেনে তুলছেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। ২৩.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮৬ রান। সাইফ ৩২ ও ইমন ২৫ রানে অপরাজিত। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৫৮ রান।
শুরুতে হোঁচট বাংলাদেশের, সৌম্যর গোল্ডেন ডাক
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ রানে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১ রান করে ইয়ামিন আহমদজাইয়ের বলে ফিরেছেন।
ব্যাটিং অর্ডার বদলিয়েও লাভ হয়নি সৌম্য সরকারের। প্রথম বলেই ব্যাটের ভেতরের কানায় লেগে বল স্টাম্পে আঘাত করায় বোল্ড হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। গোল্ডেন ডাকে সৌম্যর বিদায়ে শুরুর বিপর্যয় আরও গভীর হয়েছে বাংলাদেশের। এখন ধাক্কা সামলে ইনিংস গড়ার দায়িত্ব পরের ব্যাটারদের।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক আলিসের
আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তাওহিদ হৃদয় জানিয়েছেন, উইকেটের আচরণ বুঝে বড় সংগ্রহের পরিকল্পনা সাজাতে চান তাঁরা। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে স্পিনার আলিস আল ইসলামের।
আলিসের সঙ্গে একাদশে এসেছেন মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন ইমন। বাংলাদেশের পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশেও এসেছে দুই পরিবর্তন। ফজলহক ফারুকি ও জিয়া উর রহমান শরিফির জায়গায় সুযোগ পেয়েছেন ইয়ামিন আহমদজাই ও বিলাল সামি।
আফগান অধিনায়ক রহমত শাহ জানিয়েছেন, টস জিতলে তাঁরাও আগে ব্যাটিং করতে চাইতেন। তবে বাংলাদেশকে কত রানে আটকে রাখবেন, সেই হিসাবের চেয়ে বোলিংয়ে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
রশিদ খান, মোহাম্মদ নবী ও এএম গজনফরকে নিয়ে আফগানিস্তানের স্পিন আক্রমণ। তাঁদের সঙ্গে বোলিংয়ে থাকছেন আজমতউল্লাহ ওমরজাই, বিলাল সামি ও ইয়ামিন আহমদজাই।
