ঢাকায় পর্তুগালের দূতাবাস স্থাপন, দ্বিপক্ষীয় মোবিলিটি চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও পর্তুগাল। মঙ্গলবার (১০ নভেম্বর) পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ও রাষ্ট্রদূত ডোমিংগোস ফেজাস ভাইটালের সঙ্গে বৈঠক করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস. এম. কামরুল হাসান।
বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় উঠে আসে। এর মধ্যে ছিল পরবর্তী পররাষ্ট্রসচিব পর্যায়ের পরামর্শ সভা আয়োজন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়।
নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ ও বাংলাদেশ–পর্তুগালের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে মতবিনিময় করেন দুই কর্মকর্তা।
পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণ এবং স্থানীয় সমাজে তাঁদের অন্তর্ভুক্তির বিষয়ও বৈঠকে গুরুত্ব পায়। তবে ঢাকায় দূতাবাস চালু কিংবা সরাসরি বিমান যোগাযোগ শুরুর নির্দিষ্ট সময়সূচি প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: পর্তুগালের ওয়ার্ক পারমিট ও ভিসা: যাওয়ার আগে যা জানা প্রয়োজন
