ডেনমার্ক–আর্জেন্টিনা আজ রাত সাড়ে ৯টায়, জিতলেই শেষ ৩২-এ আর্জেন্টিনা

denmark vs argentina u17 world cup

ডেনমার্ক–আর্জেন্টিনা ম্যাচের আগে হিসাবটা আর্জেন্টিনার জন্য সহজ। ডেনমার্ককে হারালেই গ্রুপের অন্য ম্যাচের ফলের অপেক্ষা করতে হবে না, ডিয়েগো প্লাসেন্তের দল সরাসরি উঠে যাবে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের শেষ ৩২-এ। আজ বুধবার, ২৫ নভেম্বর, কাতারের আল রাইয়ানে অ্যাসপায়ার জোনের ৭ নম্বর মাঠে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।

অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে মোজাম্বিককে ২–১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪, আর্জেন্টিনা ও মোজাম্বিকের ৩ করে। ডেনমার্কের সংগ্রহ ১ পয়েন্ট।

ড্র করলে কী হবে আর্জেন্টিনার?

ড্র করলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে আর্জেন্টিনা। তখন তারা প্রথম দুইয়ে থাকবে কি না, তা নির্ভর করবে একই সময়ে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া–মোজাম্বিক ম্যাচের ফলের ওপর। তৃতীয় হলেও সুযোগ থাকবে। এবারের বিশ্বকাপে ১২ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা আটটি তৃতীয় দলও শেষ ৩২-এ উঠবে।

ডেনমার্কের বড় ধাক্কাটা এসেছিল প্রথম ম্যাচেই। আর্জেন্টিনা যে মোজাম্বিককে হারিয়েছে, সেই দলের কাছেই ৪–০ গোলে হেরেছিল ডেনিশরা। কিন্তু পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে রুখে দিয়ে তারা নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে। আজ জিতলে ৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলবে ডেনমার্ক।

যেভাবে দেখবেন: বাংলাদেশ থেকে ডেনমার্ক–আর্জেন্টিনা ম্যাচটি সরাসরি দেখা যাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন (DAZN)-এ। দিনের অন্য ম্যাচগুলোর সময় ও চ্যানেল দেখুন পোর্টুবাংলার আজ টিভিতে যত খেলা পাতায়।