ব্রাজিল–তানজানিয়া আজ: জিতলেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউটে ব্রাজিল

brazil vs tanzania u17 world cup

ব্রাজিল–তানজানিয়া ম্যাচে আজই নকআউট পর্বের টিকিট পেতে পারে ব্রাজিলের কিশোরেরা। আয়ারল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা দলটির জন্য হিসাবটা সহজ—তানজানিয়াকে হারালে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই পরের পর্বে যাবে তারা। কাতারের দোহায় অ্যাসপায়ার জোনে ‘আই’ গ্রুপের ম্যাচটি শুরু হবে আজ মঙ্গলবার, ২৪ নভেম্বর, বাংলাদেশ সময় রাত ৯টায়।

তবে লিড পেলেই যে তানজানিয়ার বিপক্ষে স্বস্তিতে থাকা যায় না, কোস্টারিকা তা টের পেয়েছে প্রথম ম্যাচেই। দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ফারাজি কায়ান্দার জোড়া গোলে ২–২ সমতা ফেরায় তানজানিয়া। সেই এক পয়েন্ট নিয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আফ্রিকার দলটি। আজ জিতলে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিলকেও পেছনে ফেলবে তারা।

ব্রাজিল কোচ কার্লোস এদুয়ার্দো পাতেতুচিরও নজর তাই প্রতিপক্ষের আক্রমণে। ম্যাচের আগে তিনি তানজানিয়ার ফুটবলারদের ড্রিবলিং আর মুহূর্তের সিদ্ধান্তে আক্রমণের ধরন পাল্টানোর দক্ষতার কথা বলেছেন। তাঁর মতে, এই দলের বিপক্ষে পুরো ৯০ মিনিটই সতর্ক থাকতে হবে। ব্রাজিলের হয়ে নজর থাকবে এদুয়ার্দো কনসেইসাও ও রিচার্ড ওয়েন্ডেলের দিকে। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ে দুজনই নজর কেড়েছিলেন।

বাংলাদেশ থেকে কোথায় দেখবেন: রাত ৯টায় ব্রাজিল–তানজানিয়া ম্যাচটি অনলাইনে দেখা যাবে ডিএজেডএনে (DAZN)। দিনের অন্য ম্যাচের সময় ও সম্প্রচারমাধ্যম জানতে দেখুন টিভিতে আজকের খেলার সূচি।