পিএসজি–রোমা ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন মঞ্চে অপরাজিত দুই দল। এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথম চার ম্যাচই জিতেছে পিএসজি। আর রোমা ইতালিয়ান লিগে ১২ ম্যাচ খেলেও হারেনি। ইউরোপীয় প্রতিযোগিতায় দুই ক্লাবের প্রথম দেখা হবে প্যারিসের পার্ক দে প্রিন্সে। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায়, অর্থাৎ ২৬ নভেম্বর বৃহস্পতিবার, শুরু হবে ম্যাচ।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম রাউন্ডে এসেছে লুইস এনরিকের পিএসজি। প্রথম চার রাউন্ডে সবচেয়ে বেশি গোলও করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রোমার ঝুলিতে চার ম্যাচে ৪ পয়েন্ট। তবে ইউরোপে যে দুটি ম্যাচে তারা হেরেছে, দুটিতেই শেষ পর্যন্ত ব্যবধান ছিল এক গোলের। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিন গোল করেও ৪–৩ ব্যবধানে হেরেছে রোমা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারটি ছিল ৩–২ গোলের।
প্যারিসে তাই রোমার বড় পরীক্ষা নিজেদের গোল বাঁচানো। চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে টানা ১১ ম্যাচে গোল করেছে পিএসজি। সর্বশেষ এমন ম্যাচে, গত মৌসুমে এই পার্ক দে প্রিন্সেই, আতালান্তাকে ৪–০ গোলে হারিয়েছিল তারা। ইতালির ক্লাবগুলোর বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ পাঁচ ম্যাচে পিএসজির তিন জয় ও দুই ড্র; জয় তিনটি এসেছে সর্বশেষ তিন ম্যাচেই।
কোথায় দেখবেন: বাংলাদেশের দর্শকেরা পিএসজি–রোমা ম্যাচটি অনলাইনে ট্যাপম্যাডে দেখতে পারবেন। একই রাতে চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচগুলোর সময় ও চ্যানেল জানতে দেখুন আজ টিভিতে যত খেলা।
