উজানে টানা বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ -এ আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ও বাউলাই নদীসহ অন্যান্য নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে পাউবো সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলার উজান এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে এবং যে কোনো সময় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এছাড়া হাওড় এলাকার অভ্যন্তরেও বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে বোরো ধানের ক্ষতি কমাতে কৃষকদের সতর্ক করে পাউবো জানিয়েছে, যেসব জমির ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
কৃষকদের দ্রুত ফসল ঘরে তোলার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
