মোবাইল গ্রাহকদের ঘরের ভেতরেই মিলবে শক্তিশালী সিগন্যাল

illegal mobile handset

নিজস্ব প্রতিবেদক: দেশের মোবাইল ব্যবহারকারীদের দীর্ঘদিনের নেটওয়ার্ক সমস্যার সমাধানে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন। ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে সংস্থাটি।

বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ মোবাইল ব্যবহারকারী শহরে বসবাস করলেও বাকি ৬০ শতাংশ উপশহর ও গ্রামীণ এলাকায়। শহরে তুলনামূলক ভালো নেটওয়ার্ক থাকলেও গ্রামাঞ্চলে এখনো দুর্বল সিগন্যাল, কল ড্রপ এবং ধীরগতির ইন্টারনেট বড় সমস্যা হিসেবে রয়ে গেছে।

নেটওয়ার্কের মান উন্নয়নে ইতোমধ্যে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে গ্রামীণফোন-কে। এর ধারাবাহিকতায় এখন ‘ই-জিএসএম’ ব্যান্ড ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিটিআরসির কাছে বর্তমানে ৮.৪ মেগাহার্টজ ‘ই-জিএসএম’ তরঙ্গ রয়েছে। এর মধ্যে ৩.৪ মেগাহার্টজ করে চেয়েছে রবি ও বাংলালিংক। তবে চূড়ান্ত বরাদ্দের আগে এক মাসের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে, যাতে সীমান্ত এলাকায় ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডের সঙ্গে কোনো ধরনের বিঘ্ন ঘটে কি না তা যাচাই করা যায়।

রবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রযুক্তি ব্যবহারের জন্য তাদের প্রয়োজনীয় অবকাঠামো ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে। অন্যদিকে বাংলালিংক জানিয়েছে, পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই তারা পরবর্তী বিনিয়োগ সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ সফল হলে ঘরের ভেতরে মোবাইল সিগন্যাল আরও শক্তিশালী হবে, কল ড্রপ কমে আসবে এবং ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের ব্যবহারকারীরা এর মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন।