মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে চালু থাকা ‘মাইগ্রান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’-এর মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি এখন ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত বহাল থাকবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কর্মসূচিটির কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই সুযোগ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচির আওতায় ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন। এ সময়ে কম্পাউন্ড ফি বাবদ সরকার ১২৭ মিলিয়ন রিঙ্গিত রাজস্ব আদায় করেছে।
এই কর্মসূচির আওতায় অবৈধভাবে দেশটিতে প্রবেশকারী বা ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পর অবস্থানকারীদের জন্য ৫০০ রিঙ্গিত এবং ভিসার শর্ত লঙ্ঘনকারীদের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দেশে ফেরার অস্থায়ী দলিল হিসেবে বিশেষ পাস ইস্যুর জন্য প্রতিবার ২০ রিঙ্গিত ফি দিতে হবে।
একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, সাধারণ ক্ষমার পাশাপাশি সারা দেশে চিরুনি অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে। অভিবাসন আইন লঙ্ঘনকারী এবং তাদের আশ্রয়দাতা বা নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সকল অবৈধ অভিবাসীকে কঠোর আইন প্রয়োগের আগেই এই সুযোগ গ্রহণ করে বৈধভাবে দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও আইনের শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের দৃঢ় অবস্থানের কথাও উল্লেখ করা হয়েছে।
