পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ, জয়ের জন্য দরকার ১০ উইকেট

Ban vs pak -2ndtest

সিলেট টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা। জয়ের জন্য এখন বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১০ উইকেট।

তৃতীয় দিনের শেষ বেলায় পাকিস্তান দ্বিতীয় ইনিংস শুরু করলেও কোনো রান তুলতে পারেনি। দুই ওপেনার দিন শেষ করেছেন শূন্য রানে অপরাজিত থেকে। ফলে চতুর্থ দিনের খেলা শুরু হবে নতুন হিসাব নিয়ে।

এই ম্যাচ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৪৩৭ রান, যা টেস্ট ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড হয়ে যাবে। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৪১৮। এছাড়া পাকিস্তানের নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৩৭৭, যা তারা ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল। বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ৩৯৫, যা গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

দিনের শুরুতে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ৩ উইকেটে ১১০ রান নিয়ে। এরপর শেষ ৭ উইকেটে যোগ করে আরও ২৮০ রান। দলের বড় সংগ্রহ গড়তে সামনে থেকে নেতৃত্ব দেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৭ রান করেন মুশফিক। তার সঙ্গে পঞ্চম উইকেটে ১২৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন লিটন দাস। লিটন খেলেন ৬৯ রানের কার্যকর ইনিংস। এছাড়া মাহমুদুল হাসানও করেন মূল্যবান ৫২ রান।

পাকিস্তানের হয়ে খুররম শেহজাদ ৪টি উইকেট নেন। সাজিদ খান শিকার করেন ৩ উইকেট।

চতুর্থ দিনে বাংলাদেশের বোলারদের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ। অন্যদিকে অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ পাকিস্তানের ব্যাটারদের সামনে।