দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। ইস্তানবুলের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপীয় ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ইংলিশ ক্লাবটি।
বুধবার রাতের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উনাই এমেরির দল। ম্যাচের ৪০তম মিনিটে ইউরি টিয়েলেমান্সের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় ভিলা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে অ্যাস্টন ভিলা। ৫৭তম মিনিটে মর্গ্যান রজার্স তৃতীয় গোল করে জয়ের পথ পুরোপুরি নিশ্চিত করেন। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি ফ্রেইবুর্ক।
এই জয়ের মাধ্যমে ৪৪ বছর পর আবারও বড় কোনো ইউরোপীয় শিরোপা জিতলো অ্যাস্টন ভিলা। এর আগে ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপ জিতেছিল ক্লাবটি। ফাইনাল দেখতে সেই ঐতিহাসিক দলের নয়জন সদস্যও উপস্থিত ছিলেন গ্যালারিতে।
অন্যদিকে কোচ উনাই এমেরি নিজের ইউরোপা লিগ ইতিহাস আরও সমৃদ্ধ করলেন। এটি তার কোচিং ক্যারিয়ারের পঞ্চম ইউরোপা লিগ শিরোপা। এর আগে সেভিয়ার হয়ে টানা তিনবার এবং ভিয়ারিয়ালের হয়ে একবার এই ট্রফি জিতেছিলেন স্প্যানিশ এই কোচ।
২০২২ সালে স্টিভেন জেরার্ডের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়ার সময় অ্যাস্টন ভিলা ছিল প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলের কাছাকাছি। মাত্র কয়েক বছরের ব্যবধানে এমেরির হাত ধরে ক্লাবটি এখন ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে।
এই শিরোপা জয় শুধু একটি ট্রফি নয়, বরং অ্যাস্টন ভিলার জন্য নতুন যুগের সূচনা বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
