যুক্তরাজ্যের London-এর Redbridge Council-এর ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দা লাভলী চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
রাজনীতির পাশাপাশি উপস্থাপনা, নৃত্য, সংগীত এবং ফ্যাশন ডিজাইনের জগতেও পরিচিত মুখ সৈয়দা লাভলী চৌধুরী। ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে তিনি অর্জন ও অগ্রগতির এক অনন্য উদাহরণ হিসেবে পরিচিত।
সৈয়দা লাভলী চৌধুরীর জন্ম Sylhet শহরে। তাঁর পৈত্রিক নিবাস Moulvibazar জেলায়। একজন সফল ব্রিটিশ-বাংলাদেশি নারী রাজনীতিক হিসেবে তিনি নতুন প্রজন্মের নারীদের মূলধারার রাজনীতি ও সমাজসেবায় অংশ নিতে অনুপ্রাণিত করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, ডেপুটি মেয়র হিসেবে তাঁর নতুন দায়িত্ব কমিউনিটির উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও বিস্তৃত ভূমিকা রাখবে।
গত ৭ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তিনি নিউবারি (Newbury) ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ৫৮৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে ২০২২ সালের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে তিনি ব্রিজ (Bridge) ওয়ার্ড থেকে Labour Party-এর প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সক্রিয় উপস্থিতি ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
