রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

ramisa-murder-case-tarique-rahman

রাজধানীর পল্লবী এলাকায় ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও নজরুল পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।”

অনুষ্ঠানে তিনি শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।