ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়ে সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকায় ফিরে আসেন।
জানা গেছে, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম নিরাপত্তাসংক্রান্ত একটি ‘ওয়াচলিস্টে’ শনাক্ত হয়। এর ফলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য সাময়িকভাবে আটকে রাখে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তার ভিত্তিতে তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
তবে বিমানবন্দরে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কারণে ডা. জাহেদ উর রহমান নির্ধারিত সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদে বিলম্বের কারণে ঘটেছে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি ব্ল্যাকলিস্ট থেকে তার নাম অপসারণ করা হলেও সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে সময়মতো হালনাগাদ হয়নি। ফলে তার নাম এখনও নজরদারি তালিকায় সক্রিয় থাকায় বিমানবন্দরে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হয়।
তবে তার নাম কী কারণে প্রথমে ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল এবং কেন তা এখনও সংশ্লিষ্ট নথিতে সক্রিয় ছিল, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বিষয়টি নিয়ে কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
