পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বন্ধ সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র

sadapathor-tourist-spot

অবিরাম বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে সাদাপাথর পর্যটনকেন্দ্রের আশপাশের বিভিন্ন দোকানপাট পানিতে তলিয়ে গেছে। এতে পুরো এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান, বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের সাদাপাথরে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। পানি ও স্রোতের তীব্রতা কমে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আবহাওয়া অনুকূলে এলে পর্যটনকেন্দ্রটি পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সিলেট অঞ্চলে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। এতে পর্যটনকেন্দ্রসহ নদীসংলগ্ন এলাকাগুলোতে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।