৭০৭ বছরের ইতিহাসে প্রথমবার প্রকাশ্যে শাহজালাল (রহ.) মাজারের দান গণনা

hazrat-shahjalal-mazar-donation

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজার-এ ৭০৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে দানবাক্স ও ডেগের অর্থ গণনা করা হয়েছে। মাত্র সাড়ে চার দিনে মাজারের দানবাক্স ও ডেগে জমা হয়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা পরিমাণ সোনা।

সোমবার দুপুরে গণনা শেষে জেলা প্রশাসন এ তথ্য জানায়।

এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের পুরোনো ডেগগুলো সিলগালা করা হয় এবং মাজার প্রাঙ্গণে ৯টি নতুন দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি দান সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়।

সোমবার জোহরের নামাজের পর তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের উপস্থিতিতে দানবাক্স ও ডেগ খুলে গণনা শুরু হয়। প্রশাসনের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দীর্ঘ সময় ধরে গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া যায়।

গণনার সময় ডেগের ভেতর থেকে একটি প্রশংসাপত্রও উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে জেলা প্রশাসক সারওয়ার আলমের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত হযরত শাহজালাল (রহ.) মাজারে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও দর্শনার্থী জিয়ারত করতে আসেন এবং দান-অনুদান প্রদান করেন। এসব অর্থ সাধারণত মাজারের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হয়।

সম্প্রতি মাজারের দান ও আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু হলে জেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। প্রশাসনের দাবি, প্রকাশ্যে দান গণনা, নতুন দানবাক্স স্থাপন এবং নজরদারি ব্যবস্থা জোরদারের মাধ্যমে দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে উপসচিব পদে ন্যস্ত করা হয়। তবে প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

ডিসি প্রত্যাহারের প্রতিবাদে সোমবার সিলেটে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।