ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের ১৮ বছর বয়সী এক সদস্য, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল আবাসিক ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু।
ইতালীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই বাংলাদেশি পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে কামাল, তার স্ত্রী ও তাদের শিশু কন্যার মৃত্যু হয়।
হামলায় গুরুতর আহত হন কামালের ১৮ বছর বয়সী ছেলে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।
ঘটনার পরপরই ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার কারণ এবং হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় ইতালীয় কর্তৃপক্ষের তদন্ত শেষ হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
