দীর্ঘদিন পর চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

sylhet-manchester-direct-fligh

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বহুল প্রত্যাশিত সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। এর মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৮ ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ২২৭ জন যাত্রী সিলেটে নামেন এবং বাকি ৪১ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

ফ্লাইটটির আগমন উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এই ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে যুক্তরাজ্যের ম্যানচেস্টারসহ আশপাশে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি, বিশেষ করে সিলেটি প্রবাসীরা সরাসরি নিজ অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবেন। এতে সময়, খরচ ও ভ্রমণ-ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

জানা গেছে, চলতি বছরের ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ওই বৈঠকে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়।

এরপর ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ফ্লাইটটি পুনরায় চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে আবারও চালু হলো এই আন্তর্জাতিক রুট।

এর আগে শনিবার বিজি-২০৭ ফ্লাইটে ১৯২ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই ফ্লাইটে সিলেটের ১৭১ জন এবং ঢাকার ২১ জন যাত্রী ছিলেন।

দীর্ঘ বিরতির পর এই রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। অনেকেই আশা করছেন, ভবিষ্যতে এই রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিমান ভাড়াও আরও সহনীয় করা হবে।