বেতন বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে লিসবনে হাজারো শ্রমিকের বিক্ষোভ

lisbon workers protest

বেতন ও পেনশন বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে পর্তুগালের রাজধানী লিসবনে বিক্ষোভ করেছেন হাজারো শ্রমিক। শনিবার (২১ নভেম্বর) শ্রমিক সংগঠনগুলোর জোট সিজিটিপি-আইএনের ডাকে এই কর্মসূচি পালিত হয়। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকেরা এতে অংশ নেন।

স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে সালদানহা থেকে মিছিল শুরু হয়। পরে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থল রেস্তোরাদোরেসের দিকে এগিয়ে যান। ছাতা, রেইনকোট, পতাকা ও দাবিসংবলিত ব্যানার নিয়ে তাঁরা বেতন বৃদ্ধি এবং প্রয়োজনীয় পণ্য ও সেবার দাম নিয়ন্ত্রণের দাবি জানান।

বেতন বাড়ানোর দাবি সামনে

বিক্ষোভের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিকদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধি। আয়োজকদের বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাসাভাড়া ও অন্যান্য ব্যয় বাড়লেও অনেক শ্রমিকের আয় সেই অনুপাতে বাড়ছে না। এতে কাজ করেও সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

সিজিটিপির মহাসচিব তিয়াগো অলিভেইরা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্য, ক্রয়ক্ষমতার অবনতি মেনে নিয়ে শ্রমিকদের জীবন কাটাতে হবে—এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও সামাজিক সুরক্ষায় সরকারি সেবা শক্তিশালী করার দাবিও জানায় সংগঠনটি।

বাজেট নিয়ে আপত্তি

বিক্ষোভটি অনুষ্ঠিত হলো ২০২৭ সালের রাষ্ট্রীয় বাজেটের চূড়ান্ত ভোটের আগে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) পার্লামেন্টে এ ভোট হওয়ার কথা রয়েছে।

সিজিটিপির অভিযোগ, সরকারের বাজেট প্রস্তাবে স্বাস্থ্যসেবা, সরকারি শিক্ষা ও আবাসনসংকট মোকাবিলায় পর্যাপ্ত উদ্যোগ নেই। সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য আন্দ্রেয়া আরাউজোর বক্তব্য, বাসাভাড়া, গৃহঋণের কিস্তি, জ্বালানি ও খাবারের খরচ মেটাতে শ্রমিক পরিবারের চাপ বাড়ছে। অথচ তাঁদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সরকারি খাতের ধর্মঘটের পর বিক্ষোভ

লিসবনের এই কর্মসূচির আগের দিন, শুক্রবার (২০ নভেম্বর), সরকারি খাতে ধর্মঘট পালিত হয়। শনিবারের বিক্ষোভে সেই ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদেরও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল সিজিটিপি। সংগঠনটির প্রকাশিত প্রস্তাবে সরকারি ও বেসরকারি খাতের শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে।

বিক্ষোভে অংশ নিতে শনিবার সকালে পোর্তোর কাম্পানহা স্টেশন থেকে দুটি ট্রেনে কর্মীরা লিসবনের উদ্দেশে রওনা হন। অন্যান্য অঞ্চল থেকেও সংগঠিতভাবে রাজধানীতে আসেন অংশগ্রহণকারীরা।

দাবি পূরণ না হলে আরও কর্মসূচির সম্ভাবনা উড়িয়ে দেয়নি সিজিটিপি। সাধারণ ধর্মঘটের বিষয়ে আন্দ্রেয়া আরাউজো বলেছেন, শ্রমিক সংগঠনগুলোর হাতে থাকা আন্দোলনের বিভিন্ন উপায়ের মধ্যে এটিও বিবেচনায় রয়েছে। তবে নতুন সাধারণ ধর্মঘটের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

বাজেটের চূড়ান্ত ভোটের দিন মঙ্গলবার পার্লামেন্টের বাইরে আরেকটি বিক্ষোভের পরিকল্পনাও রয়েছে শ্রমিক জোটটির। ওই কর্মসূচিতে বেতন বৃদ্ধি, সরকারি সেবায় বিনিয়োগ এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের দাবিগুলো আবার তুলে ধরতে চায় তারা।